কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) তৈরির কৌশল হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনা এআই সংস্থা 'ডিপসিক'-এর বিরুদ্ধে বিশ্বজুড়ে সতর্কতা জারির নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনৈতিক বার্তার বরাত দিয়ে জানা গেছে, ওয়াশিংটন মনে করছে চীনা সংস্থাটি মার্কিন এআই মডেল থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিজস্ব প্রযুক্তি তৈরি করছে।
মার্কিন কূটনৈতিক বার্তায় 'ডিস্টিলেশন' নামক একটি প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই প্রক্রিয়ায় বড় এবং শক্তিশালী কোনো এআই মডেলের আউটপুট ব্যবহার করে তুলনামূলক ছোট ও সাশ্রয়ী মডেল তৈরি করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, বেইজিং এই পদ্ধতি ব্যবহার করে কম খরচে মানোন্নত প্রযুক্তি তৈরি করছে, যা মার্কিন স্বার্থের জন্য উদ্বেগের কারণ। এর আগে ওপেনএআই-ও মার্কিন আইনপ্রণেতাদের এ বিষয়ে সতর্ক করেছিল।
ওয়াশিংটনের চীনা দূতাবাস এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, চীনের প্রযুক্তিগত উন্নয়ন মেনে নিতে না পেরে যুক্তরাষ্ট্র বিদ্বেষমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অন্যদিকে, ডিপসিক দাবি করেছে যে তারা তাদের মডেল তৈরিতে কেবল উন্মুক্ত বা ওয়েব থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করেছে এবং ওপেনএআই-এর কোনো ডেটা জেনেবুঝে ব্যবহার করেনি।
গবেষকরা জানিয়েছেন, ডিপসিক তাদের নতুন মডেল 'ভিফোর প্রিভিউ' প্রকাশ করেছে, যা হুয়াওয়ের চিপ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রযুক্তি খাতে চীনের স্বনির্ভরতা বাড়িয়েছে। তবে ডেটা নিরাপত্তার উদ্বেগে পশ্চিমের অনেক দেশ এবং এশিয়ার কিছু দেশ সরকারি কাজে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই বিতর্ক এমন এক সময়ে সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এআই নিয়ে এই দ্বন্দ্ব দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে, যা বৈশ্বিক টেক সংস্থাগুলোর মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে।