শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ (SSNIMCH)
নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে হামের প্রকোপ মোকাবিলায় এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ (SSNIMCH) শাখা ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে একটি জরুরি হটলাইন সেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে আক্রান্ত বা সংক্রমণের ঝুঁকিতে থাকা রোগীরা ঘরে বসেই বিশেষজ্ঞ ইন্টার্ন চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।
আজ বুধবার (১৩ মে ২০২৬) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মোজাদির আল বিরুনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মানবিক সেবার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে সহজেই চিকিৎসকের সেবা পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে রোগীরা সরাসরি চিকিৎসকদের সাথে কথা বলতে পারবেন। এই সেবায় নিয়োজিত পাঁচজন ইন্টার্ন চিকিৎসক হলেন:
আবু ইউসুফ তাজুন: ০১৭৫২০২৯৯৫০
আদান কবির তন্ময়: ০১৭২১০৯০৭৫৯
আশরাফুল ইসলাম ইমন: ০১৭৯৪২৭৪৪৬৮
আলিফ বিন জিদান: ০১৭৭১০৭১০৭৯
তাওসিফ ফারহান সামি: ০১৬৩৫৭৭৫৯৬৫
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মোজাদির আল বিরুনী একটি গণমাধ্যমকে বলেন, “ছাত্রদল সব সময় সাধারণ মানুষের অধিকার ও বিপদে পাশে দাঁড়িয়েছে। কিশোরগঞ্জে হামের সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে সচেতনতা ও দ্রুত চিকিৎসা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ যাতে হাসপাতালে আসার আগেই বিশেষজ্ঞ পরামর্শ পেতে পারেন, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা এর মাধ্যমে দ্রুত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। ছাত্রদল নেতারা আরও জানান, পরিস্থিতির ওপর নজর রেখে আগামীতে সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।