হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে ২০২৬) দিবাগত রাত ২টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর কাছে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফের হামলার মুখে পড়েন কয়েকজন বাংলাদেশি। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিএসএফের ছোড়া গুলিতে খাদেমুলের মুখে, বুকে ও মাথায় গুরুতর আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি কোনোমতে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসতে সক্ষম হন। পরে তাঁর সহযোগীরা তাঁকে উদ্ধার করে দ্রুত রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম একটি গণমাধ্যমকে দেওয়া তথ্যে গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী গণমাধ্যমকে বলেন, “আমরা মধ্যরাতেই সীমান্তে ফায়ারিংয়ের বিষয়টি নিশ্চিত হয়েছি। পরবর্তীতে জানতে পারি যে, গুলিবিদ্ধ ওই যুবক রংপুরের একটি হাসপাতালে মারা গেছেন। পুরো বিষয়টির তদন্ত চলমান রয়েছে।”

সীমান্তে একের পর এক বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সীমান্তে কড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি উচ্চপর্যায়ের আলোচনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন