চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে কাকে ইঙ্গিত করলেন ওমর সানী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে কাকে ইঙ্গিত করলেন ওমর সানী

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে তিনি তাদের ‘মশা’ এবং ‘ফকিন্নি’র সঙ্গে তুলনা করেছেন।

নিজের ভেরিফায়েড প্রোফাইলে ওমর সানী লেখেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি।’ একই সঙ্গে গণমাধ্যমের সমালোচনা করে তিনি যোগ করেন, ‘এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’

সানী সরাসরি কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা, তার এই ক্ষোভ অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে কেন্দ্র করে। সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়া ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়ার অভিযোগ ওঠে হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করেই সানী এমন কড়া মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ৩ মে এক ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছিলেন, হাসান জাহাঙ্গীরের অনুরোধেই মৌসুমী ওই নাটকে কাজ করেছিলেন। পরে সেটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে মৌসুমী নিজেও জানিয়েছেন, একটি নাটকের গল্পকে সিনেমা হিসেবে প্রচার করা তার জন্য অত্যন্ত অসম্মানজনক। পর্যাপ্ত ফুটেজ না থাকা সত্ত্বেও কীভাবে এটি সেন্সর ছাড়পত্র পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই তারকা দম্পতি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন