আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড়, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ভাদোহি, ফতেহপুর, বুদাউন, চন্দৌলি এবং সোনভদ্র জেলায় এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভাদোহি জেলা, যেখানে ১৬ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ফতেহপুরে ৯ জন, বুদাউনে ৫ জন, চন্দৌলিতে ২ জন এবং সোনভদ্র জেলায় ১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঝড়ের দাপটে অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, ঘরবাড়ি ধসে পড়েছে এবং অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
ফতেহপুরে দেওয়াল ধসে ৫ নারীসহ ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বুদাউনে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানমালের পাশাপাশি গবাদি পশুরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত সরকারি সহায়তা ও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে রাজস্ব ও কৃষি বিভাগকে দ্রুত জরিপ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, যাতে দ্রুত ক্ষতিপূরণ প্রদান করা যায়।
বর্তমানে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে উদ্ধার ও মেরামত কাজ পুরোদমে চলছে। প্রশাসনকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হয়।