যেখানে হচ্ছে পদ্মা ব্যারাজ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
যেখানে হচ্ছে পদ্মা ব্যারাজ

বাংলাদেশে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর একটি মেগা ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পটি আগামী সাত বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৩ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 'পদ্মা ব্যারাজ' প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মৃতপ্রায় পাঁচটি নদীকে পুনর্জীবিত করা। এর ফলে ২৪টি জেলার পানিসংকট নিরসন হবে এবং প্রায় সাত কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে। ফারাক্কা বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে তৈরি হওয়া খরা ও লবণাক্ততা রোধে এই ব্যারাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, উজানে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে শুষ্ক মৌসুমে পদ্মার প্রবাহ কমে যাওয়ায় কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এই সমস্যা সমাধানেই গত শতাব্দীর ষাটের দশক থেকে বিভিন্ন সময়ে সমীক্ষা চালানো হয়েছে। বর্তমান সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মূল অবকাঠামোটি নির্মিত হবে। প্রায় ২.১ কিলোমিটার। ব্যারেজে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস এবং দুটি ফিশ পাস থাকবে। এই ব্যারাজের মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে।

২০৩৩ সালের মধ্যে ব্যারাজ নির্মাণ শেষ হলে ওই অঞ্চলে তিনটি পানি বিদ্যুৎকেন্দ্র এবং সাতটি স্যাটেলাইট শহর গড়ে তোলার মহাপরিকল্পনা রয়েছে সরকারের। প্রকল্পের প্রথম ধাপে গড়াই-মধুমতী ও হিসনা নদী পুনঃখনন করা হবে এবং দ্বিতীয় ধাপে চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদী পুনরুদ্ধারের কাজ চলবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন