শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় কারাগার থেকে ট্রাইব্যুনালে দীপু মনি-মোজাম্মেল বাবু

কারাগার থেকে ট্রাইব্যুনালে দীপু মনি-মোজাম্মেল বাবু, মামলার পরবর্তী তারিখ ৭ জুন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় কারাগার থেকে ট্রাইব্যুনালে দীপু মনি-মোজাম্মেল বাবু

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক মন্ত্রী দীপু মনিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানির কথা রয়েছে। এর আগে গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করেন এবং আজকের দিনে হাজিরার তারিখ নির্ধারণ করেন।

শুনানি চলাকালীন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম একটি গণমাধ্যমকে জানান, ২০১৩ সালের সেই ঘটনার সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডকে আন্তর্জাতিক পর্যায়ে ভিন্নভাবে প্রচার করেছিলেন। এছাড়া সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে উসকানিমূলক সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। এ মামলায় বর্তমানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও সাবেক আইজিপি একেএম শহিদুল হকসহ আরও ছয়জন গুরুত্বপূর্ণ আসামি কারাগারে রয়েছেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছিলেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। ওই দিন রাতের অভিযানে কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছে ট্রাইব্যুনালের তদন্ত দল। অভিযুক্তদের উপস্থিতিতে আজকের শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন