হামের টিকা না দিয়ে পরিকল্পিতভাবে শিশু হত্যার অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সাবেক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ওয়াহিদুল আলম একটি শিশুর প্রতীকী মরদেহ কোলে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘হামে আমার শিশুর প্রাণ ঝরে ইউনূস কেন ভিভিআইপি সার্ভিস চড়ে?’
প্রতিবাদকারী ওয়াহিদুল আলম বলেন, ‘আগের সরকার টিকার বাজেট করে যাওয়ার পরেও কেন বর্তমানে টিকার অভাব হবে? আমাদের শিশুরা যখন টিকার অভাবে প্রাণ হারাচ্ছে, তখন ড. ইউনূস ভিভিআইপি প্রটোকল নিয়ে ঘুরছেন। এই শিশু হত্যার দায়ে আমি অতি দ্রুত ড. ইউনূসের গ্রেপ্তার চাই।’
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এবং টিকার ঘাটতি নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে এই একক প্রতিবাদ কর্মসূচিটি বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।