জাতীয় দলে ফেরার জন্য কতদিন অপেক্ষা করবেন, জানালেন সাকিব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
জাতীয় দলে ফেরার জন্য কতদিন অপেক্ষা করবেন, জানালেন সাকিব

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফেরা এবং ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, দীর্ঘদিন খেলার বাইরে থাকলেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে দ্রুতই আগের ফর্মে ফেরা সম্ভব। তার মতে, ফিটনেস ও পারফরম্যান্সের সঠিক অবস্থায় পৌঁছাতে কিছুদিন নিবিড় প্রশিক্ষণের প্রয়োজন।

জাতীয় দলে ফেরার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি সাকিব। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের ইতিবাচক মন্তব্যের প্রেক্ষিতে তিনি জানান, নির্বাচকরা যদি তাকে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রাখেন, তবে তিনিও সেভাবেই নিজেকে প্রস্তুত করবেন। সাকিব স্পষ্ট করেছেন যে, বর্তমানে তার মনোযোগ মূলত ওয়ানডে ফরম্যাটে। তিনি মনে করেন, টেস্ট বা টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে দলের জন্য তার অবদান রাখার সুযোগ অনেক বেশি।

বিশ্বকাপের মতো বড় আসরে খেলার আত্মবিশ্বাস সাকিবের রয়েছে, তবে তিনি মাঠের পারফরম্যান্সকেই শেষ কথা হিসেবে দেখছেন। তিনি বলেন, “আত্মবিশ্বাসী আমি থাকতেই পারি, তবে এর কোনো গ্যারান্টি নেই যে আমি ভালো করবই। এক-দুইটি সিরিজ খেললে আমার অবস্থা বোঝা যাবে, তখন আমিও সিদ্ধান্ত নিতে পারব এবং নির্বাচকরাও আমার সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।”

সাকিবের এই ইতিবাচক মনোভাব টাইগার ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, ২২ গজে চিরচেনা রূপে ফিরতে তার কতদিন সময় লাগে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন