নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে বাবা-মাকে হারানো দুই অসহায় মেয়ের আজীবন পড়াশোনা ও বিয়ের যাবতীয় দায়িত্ব নিয়েছেন ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
রবিবার (১০ মে) দুপুরে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দেখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে রাধানগর গ্রামের সালাম শিকদারের বাড়িতে ভয়াবহ আগুন লাগে। ওই সময় সন্তানদের ঘর থেকে নিরাপদে বের করে দিলেও সালাম শিকদার ও তাঁর স্ত্রী নাসিমা বেগম আগুনে দগ্ধ হয়ে মারা যান। এই মর্মান্তিক ঘটনায় তাঁদের দুই শিশুকন্যা জান্নাতুল ও খাদিজা সম্পূর্ণ একা হয়ে পড়ে।
এমপি খন্দকার আবু আশফাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই হৃদয়বিদারক সংবাদ শুনে অত্যন্ত মর্মাহত হয়েছেন এবং দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি ঘোষণা করেন, এতিম দুই মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। এছাড়া পরিবারটির জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ সময় সংসদ সদস্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দুই মেয়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আরও ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছিল। এমপি সমাজের বিত্তবানদেরও এমন মানবিক দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিবারটিকে দেখার আগে এমপি আশফাক দোহার উপজেলা পরিষদে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে তিনি জাটকা নিধন বন্ধে এবং নিষিদ্ধ মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে ৫ শতাধিক মৎস্যজীবীর প্রতি কড়া নির্দেশনা দেন।
এ.আই.এল/সকালবেলা