বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বৃহত্তর পরিকল্পনা আছে: মাহদী আমিন

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বৃহত্তর পরিকল্পনা আছে: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, “ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের মাধ্যমে দেশকে আরও বিনিয়োগ উপযোগী করা হবে।”

রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক ক্রাইসিস সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন উল্লেখ করেন, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কল্যাণে সরকার নিরলস কাজ করছে।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বিশ্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য ব্যক্ত করে তিনি বলেন, “বর্তমানে আমাদের এই খাত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। একে এক নম্বরে নিয়ে যেতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।” তিনি নারায়ণগঞ্জকে শিল্প উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের অধিকার সুরক্ষায় তিনি বলেন, “শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সরকার কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নেবে। কোনো ধরনের সংকট যাতে তৈরি না হয়, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।”

সভায় নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিল্পপতি ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন