আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণের ঐতিহাসিক মুহূর্তের মধ্যেও একটি ব্যক্তিগত শূন্যতা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানে শপথ নেন বিজয়। তবে এই আনন্দঘন মুহূর্তে তাঁর পাশে দেখা যায়নি দীর্ঘ ২৭ বছরের জীবনসঙ্গিনী সংগীতা স্বর্ণালিঙ্গম এবং দুই সন্তান সঞ্জয় ও দিব্যা সাশাকে।
অনুষ্ঠানে বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর এবং মা শোভা উপস্থিত থাকলেও, সবার নজর কাড়ে প্রথম সারিতে বিজয়ের মায়ের পাশে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি। দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমায় বিজয় ও তৃষার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। আজ বিজয়ের জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিনে তৃষার এই উপস্থিতি সেই জল্পনাকে আরও জোরালো করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন—এটি কি তবে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের একপ্রকার অনানুষ্ঠানিক স্বীকৃতি?
জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে চেঙ্গলপাট্টু পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন সংগীতা। আগামী ১৫ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। আবেদনের সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে বিজয়ের সঙ্গে এক জনপ্রিয় অভিনেত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই তাঁদের সংসারে অশান্তির শুরু। সংগীতা অভিযোগ করেছেন, সন্তানদের নিয়ে তিনি চরম সামাজিক অবমাননার শিকার হচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের অনেক ভক্তই এই পরিস্থিতিকে ‘অসম্পূর্ণ’ বলে অভিহিত করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “নতুন মুখ্যমন্ত্রী, নতুন রানি? স্ত্রী-সন্তান কেউ নেই, অথচ মায়ের পাশে বসে আছেন তৃষা! সংগীতার অনুপস্থিতিই আজ অনেক কথা বলে দিচ্ছে।” অন্য এক ভক্ত আক্ষেপ করে বলেন, বিজয়ের শপথের সময় তাঁর পরিবার চেন্নাইতেই ছিল না, যা অত্যন্ত বেদনাদায়ক।
অভিনয় জগত থেকে রাজনীতির শীর্ষে উঠে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ নতুন যাত্রা শুরু করেছেন বিজয়। তবে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন ও বির্তক তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের সূচনালগ্নকে কিছুটা হলেও আচ্ছন্ন করে রেখেছে।