মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে জানা গেছে।
শনিবার ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত হেগেরা চাকমাকে লক্ষ্য করে অতর্কিতে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত গহীন অরণ্যের দিকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সাজেক থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দুর্গম ওই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
উল্লেখ্য, গত ৭ মে খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবেই প্রতিপক্ষ গ্রুপ এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে এই বিষয়ে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ.আই.এল/সকালবেলা