নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ‘ওভারটাইম ভাতা’ দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ভাতার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এটি বাস্তবায়িত হলে সদস্যদের মনোবল বাড়বে। মূলত পুলিশের ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদ পর্যন্ত সদস্যদের এই ওভারটাইম ভাতার আওতায় আনার কথা ভাবছে সরকার।
দীর্ঘদিন একই পদে কর্মরত থেকে পদোন্নতি না পেয়ে অবসরে যাওয়ার বঞ্চনা দূর করতে সরকার ‘অনারারি পদোন্নতি’ প্রথা চালুর উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হবে।
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। এছাড়া আবাসন সমস্যা সমাধানে নতুন ভবন নির্মাণ ও ভূমি অধিগ্রহণকে সরকারের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় নিয়ে পুলিশ বাহিনীর সকল যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে।