খালিয়াজুরীর উন্নয়নে এমপি বাবরের মহাপরিকল্পনা

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
খালিয়াজুরীর উন্নয়নে এমপি বাবরের মহাপরিকল্পনা

মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালিয়াজুরী হাওরাঞ্চলের জীবন-জীবিকা রক্ষায় পরিকল্পিত ও লাগসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। 

শনিবার (৯ মে) দুপুরে খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অঞ্চলের টেকসই উন্নয়নের রোডম্যাপ তৈরির ঘোষণা দেন।

সভায় লুৎফুজ্জামান বাবর বলেন, পিছিয়ে পড়া খালিয়াজুরীর উন্নয়নে বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে এই জনপদের দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের সহায়তা কার্যক্রম আসন্ন ঈদের আগেই শুরু হবে বলে তিনি নিশ্চিত করেন।

হাওরের দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় গ্রামভিত্তিক কমিটি গঠন করে পোনা মাছ সংরক্ষণের পাহারার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে বিষ প্রয়োগে মাছ ধরা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা নদীভাঙন রোধ, স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ, বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন এবং খালিয়াজুরী থেকে উচিতপুর পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের দাবি জানান। কৃষকরা জানান, প্রতিবছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তাদের ফসলহানি ঘটছে, যার স্থায়ী সমাধান প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ওসি মো. নাসির উদ্দীন এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন