ইউরোপের স্বপ্নে মাদারীপুরে বাড়ছে লাশের মিছিল

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ
ইউরোপের স্বপ্নে মাদারীপুরে বাড়ছে লাশের মিছিল

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি: মৃত্যুঝুঁকি আর নিখোঁজের সংবাদেও মাদারীপুরে থামছে না অবৈধ পথে বিদেশ যাওয়ার হিড়িক। উন্নত জীবনের আশায় দালালদের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। একদিকে প্রিয়জনকে হারানোর বেদনা, অন্যদিকে ভিটেমাটি বিক্রির ঋণের বোঝা—এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট জেলার সাধারণ মানুষ।

অনুসন্ধানে জানা গেছে, পাচারকারী চক্র এখন রুট পরিবর্তন করেছে। আগে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর প্রবণতা থাকলেও বর্তমানে সৌদি আরবের ভিসায় নিয়ে সেখান থেকে লিবিয়া বা মৌরিতানিয়ায় পাচার করা হচ্ছে। রাজৈর উপজেলার রাকিব খান এমনই এক প্রতারণার শিকার। ১৫ লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তিতে তাঁকে মৌরিতানিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে আরও ২৫ লাখ টাকা মুক্তিপণ দিলেও আজ পর্যন্ত রাকিবের কোনো খোঁজ মেলেনি।

জেলার রাজৈর, ইশিবপুর ও চরমুগরিয়া এলাকার শতাধিক যুবক বর্তমানে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পিয়াসের মা খাদিজা বেগম দুই বছর ধরে ছেলের অপেক্ষায় পথ চেয়ে আছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দালালরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এবং টাকা নিলেও তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টো মামলা করলে দালালরা প্রাণনাশের হুমকি দিচ্ছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, মানবপাচারকারীদের বিরুদ্ধে পুলিশ 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এই মরণনেশা থেকে বাঁচতে সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে জরুরি। আইনজীবীদের মতে, বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে অপরাধীরা উৎসাহিত হচ্ছে, তাই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন