যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
সাঈদ পান্থ, বরিশাল: রাজধানীর তীব্র যানজটে দীর্ঘ দেড় ঘণ্টা আটকে থেকে পথেই অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যু হয়েছে ডায়রিয়ায় আক্রান্ত অবসরপ্রাপ্ত বিজি প্রেস কর্মচারী আব্দুর রব সরদারের (৬৭)।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মহাখালীস্থ কলেরা হাসপাতাল (আইসিডিডিআর,বি) গেটে পৌঁছানোর পরপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত আব্দুর রব বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা।
মৃতের ছেলে রুবেল সরদার জানান, গত ৩ সেপ্টেম্বর ডায়রিয়ায় আক্রান্ত হলে আব্দুর রবকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে শনিবার সকালে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা হন স্বজনেরা। তবে ঢাকায় প্রবেশের পর একাধিক স্থানে ভয়াবহ যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। ফলে দুপুর দেড়টার দিকে হাসপাতালে পৌঁছালেও ততক্ষণে মারা যান তিনি। সময়মতো পৌঁছাতে পারলে রোগীকে বাঁচানো সম্ভব হতো বলে স্বজনেরা আক্ষেপ প্রকাশ করেন।
গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, রোগীটির অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। এ কারণেই উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে তাকে রাজধানী মহাখালীর বিশেষায়িত হাসপাতালে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এআইএল/সকালবেলা