সালিশ বৈঠকে ছোট ভাই ও দুই ভাতিজাকে কুপিয়ে জখম
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: জমিজমা ও ধান বিক্রির বিরোধ মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে ডেকে নিয়ে আপন ছোট ভাই ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মেজ ভাই আব্দুল লতিফ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোট বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আবদুর রশিদ হাওলাদার এবং তাঁর দুই ছেলে আল-আমিন ও রবিউল ইসলাম বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আল-আমিনের মাথায় একাধিক সেলাই লেগেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, জমি সংক্রান্ত পূর্বশত্রুতা ও ৩০ মণ ধান বিক্রির টাকা কেন্দ্র করে আবদুর রশিদের সঙ্গে তাঁর ভাই আব্দুল লতিফের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে প্রথমে আবদুর রশিদকে মারধর করা হলে তাঁর ছেলেরা লতিফের কাছে কৈফিয়ত চান। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসানো হলে সালিশ চলাকালেই লতিফের নির্দেশে তাঁর শ্যালকের ছেলে তারেকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
আহত আল-আমিন ও রবিউল ইসলাম অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যে তাঁদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো ও পেটানো হয়েছে। এমনকি মামলা করলেও টাকা দিয়ে পুলিশ সামলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল লতিফের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, হামলার বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা