ইসলামি লেখক ফোরামের সভাপতি আমিন, সম্পাদক নকীব

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ
ইসলামি লেখক ফোরামের সভাপতি আমিন, সম্পাদক নকীব

বিশেষ প্রতিবেদক: ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন 'বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম'-এর ২০২৬-২০২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক ও সাংবাদিক আমিন ইকবাল এবং সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নকীব মাহমুদ।

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে সংগঠনের ৭ম কাউন্সিল ও ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। সারা দেশ থেকে আগত চার শতাধিক লেখকের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত অন্য দায়িত্বশীলরা হলেন—সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, অর্থ সম্পাদক আমিন আশরাফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ এবং প্রশিক্ষণ সম্পাদক জাওয়াদ আহমদ। পরবর্তীতে তাঁদের পরামর্শক্রমে সহ-সভাপতি আবুল কালাম আনছারী ও সহ-সাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদীকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন 'আদর্শ নারী'র সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী। কাউন্সিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, লিয়াকত আলী, মুহাম্মদ যাইনুল আবিদীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানীসহ জ্যেষ্ঠ আলেমরা উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে অনুবাদ, সিরাত, শিশু সাহিত্য ও গবেষণাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন প্রতিশ্রুতিশীল লেখককে 'লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৬' প্রদান করা হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন