সোনারগাঁওয়ে মাদকসহ চার আসামি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে মাদকসহ চার আসামি গ্রেপ্তার

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজাসহ বিভিন্ন এলাকায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ আব্দুল মজিদ (৩৫) এবং ১ কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক স্থান থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি ফারুক ওরফে হৃদয় ও মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন