ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: গণভোট অধ্যাদেশ এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদনটি দায়ের করেন। গত ১ মার্চ শুনানির দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার শুনানির পর আদালত এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দোলোয়ার হোসেন খান।
রিট আবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার কর্তৃক জুলাই জাতীয় সনদ ২০২৫-এর মাধ্যমে গণভোট আয়োজনের প্রক্রিয়া অসাংবিধানিক। এটি সংবিধানের ৬৫, ১২৩ (৩) (৪) এবং ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং আরপিওর (গণপ্রতিনিধিত্ব আদেশ) ১১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সনদের সকল কার্যক্রম স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে রিটে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়েছিল। এই সনদের বৈধতা নিয়ে এখন আইনি প্রশ্ন তুললেন আবেদনকারী আইনজীবী।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ