রংপুরে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: যুবদল নেতা গালীব গ্রেপ্তার

রংপুরে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: যুবদল নেতা গালীব গ্রেপ্তার

আবু রায়হান, রংপুর ব্যুরো প্রধান: রংপুর নগরীর স্টেশন রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রংপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালীবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

সোমবার (২ মার্চ) বিকেল ৫টার দিকে নগরীর কামাল কাছনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর উপ-অধিনায়ক সাইফুল ইসলাম। তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১ মার্চ বিকেলে রংপুর মহানগরের কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের একটি সাত তলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত “মায়া সাইবার ওয়ার্ল্ড” নামক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত বেআইনিভাবে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, তারা প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে এবং কর্মচারীদের মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ৪ লাখ টাকার সমপরিমাণ ক্ষতিসাধন হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের সহকারী হিসাবরক্ষক মো. রাসেল (২৭) বাদী হয়ে ২ মার্চ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তামজিদুর রশিদ গালীব (৪৫) ও আকিবুল রহমান মনুসহ (৪০) অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত গালীবকে আইনি প্রক্রিয়া শেষে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন