ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আলুর বাম্পার ফলন হলেও তা সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। উপজেলার গোবিন্দপুর এলাকায় অবস্থিত এস কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে জায়গা পেতে আলু ভর্তি যানবাহন নিয়ে ভোর থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন শত শত কৃষক।
রোববার (২৯ মার্চ ২০২৬) সরেজমিনে দেখা যায়, ভোররাত থেকেই কৃষকরা আলুভর্তি ভ্যান, ট্রলি ও নছিমন নিয়ে কোল্ড স্টোরেজের সামনে অবস্থান নিয়েছেন। স্টোরেজের প্রধান ফটক থেকে শুরু করে মহাসড়কের এক পাশ জুড়ে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা প্রচণ্ড রোদে অপেক্ষা করেও অনেক কৃষক আলু ভেতরে ঢোকানোর সুযোগ পাচ্ছেন না।
কৃষকরা জানান, মাঠ থেকে আলু তোলার পর ঘরে রাখলে গরমে তা দ্রুত পচে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই হাড়ভাঙা খাটুনির ফসল রক্ষা করতে তারা কোল্ড স্টোরেজে ছুটছেন। কিন্তু সেখানে জায়গা সংকট এবং ধীরগতির ব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
একাধিক কৃষক অভিযোগ করেন, "সকাল থেকে না খেয়ে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সিরিয়াল এগোচ্ছে না। এভাবে আলু বাইরে পড়ে থাকলে রোদে নষ্ট হয়ে যাবে।" সঠিক তদারকি ও অব্যবস্থাপনার কারণে লাইনের চাপ আরও বাড়ছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর আলুর আবাদ বেশি হওয়ায় এবং একসাথে সব কৃষক আলু নিয়ে আসায় এই চাপের সৃষ্টি হয়েছে। তাদের ধারণক্ষমতা অনুযায়ী পর্যায়ক্রমে সকল কৃষকের আলু সংরক্ষণের চেষ্টা চালানো হচ্ছে।
দীর্ঘ লাইনের এই ভোগান্তি কমাতে এবং কৃষকদের ফসল দ্রুত সংরক্ষণের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ