ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সংসদ প্রতিবেদক, ঢাকা: ‘সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান নিয়ে আগামী ৩১ মার্চ (মঙ্গলবার) জাতীয় সংসদে দুই ঘণ্টার বিশেষ আলোচনার সিদ্ধান্ত দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে দিনের শেষ কার্যসূচি হিসেবে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদের কার্যপ্রণালি বিধির ৬২ বিধি অনুযায়ী বিষয়টি নিয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করলে আলোচনার এই পথ প্রশস্ত হয়।
মুলতবি প্রস্তাবের প্রেক্ষিতে আইনমন্ত্রী আসাদুজ্জামান বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে আলোচনায় সম্মতি জানান। তবে আলোচনার পূর্বে বর্তমান সংবিধান, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ এবং মদিনা সনদসহ প্রয়োজনীয় নথিপত্র সংসদ সদস্যদের সরবরাহ করার জন্য তিনি স্পিকারের কাছে অনুরোধ জানান। ডেপুটি স্পিকার সিদ্ধান্ত দেওয়ার আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মুলতবি প্রস্তাবের কারিগরি দিক নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, প্রস্তাবটি ৬২ বিধি অনুযায়ী যথাযথ হয়নি, বরং এটি ৬৮ বিধির সঙ্গে সংশ্লিষ্ট—যেখানে মাত্র আধা ঘণ্টা আলোচনার সুযোগ রয়েছে। এছাড়া ৬৩ বিধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইন সংশোধনীর প্রয়োজন পড়ে এমন কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করা যায় না।
স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তির মুখেই ডেপুটি স্পিকার আগামী মঙ্গলবার দুই ঘণ্টা আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন। এরপর সালাউদ্দিন আহমদ আবারও ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তাতে সাড়া না দিয়ে জানান যে, তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও স্পিকার তাকে সময় না দিয়ে দিনের পরবর্তী কার্যসূচিতে চলে যান। সংবিধান ‘সংস্কার’ না ‘সংশোধন’—এই দ্বন্দ্বে সংসদ অধিবেশন এখন মঙ্গলবার পর্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ