পিরোজপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

পিরোজপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

শুভ সমদ্দার, স্টাফ রিপোর্টার: পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. তুহিন হাওলাদার (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

শনিবার (২৮ মার্চ ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তুহিন হাওলাদার ঝালকাঠি জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি স্ত্রী ফারজানা রিশাদ এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর স্ত্রী ফারজানা রিশাদ উপজেলা এলজিইডি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।

শনিবার রাত ৮টার দিকে তুহিন ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয়। এরপর তাঁরা আলাদা দুটি কক্ষে ঘুমান। রোববার (২৯ মার্চ) সকালে দীর্ঘক্ষণ তুহিনের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

স্ত্রী ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন। ইতিপূর্বে তিনি ঝালকাঠি থানার একটি মাদক মামলায় কারাবন্দীও ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও তিনি আবারও মাদক সেবন শুরু করেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিরোধ চলত। ঘটনার দিনও মাদক সেবন নিয়ে তর্কের জেরে তিনি এই চরম পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন