১৩৩টি অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩৩টি অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণে আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকটি আজ রাতে অনুষ্ঠিত হবে। সেখানে ১৩৩টি অধ্যাদেশের চুলচেরা বিশ্লেষণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২৪টি অধ্যাদেশ নিয়ে এখনও সব পক্ষের মধ্যে পূর্ণ ঐকমত্য তৈরি হয়নি। আজকের বৈঠকে মূলত এই বিতর্কিত ২৪টি অধ্যাদেশ নিয়েই বিস্তারিত আলোচনা হবে এবং একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ দিনের বিরতি শেষে আজ বিকেল ৩টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়েছে। আজকের নির্ধারিত অধিবেশন শেষ হওয়ার পরপরই বিশেষ কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপগুলো স্থায়ী আইনে রূপান্তর হবে কি না, তা এই বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন