অবৈধ পথে ইউরোপযাত্রা আত্মহত্যার শামিল: শায়খ আহমাদুল্লাহ

২২ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় উচ্চাভিলাষের সমালোচনা আস-সুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যানের

অবৈধ পথে ইউরোপযাত্রা আত্মহত্যার শামিল: শায়খ আহমাদুল্লাহ

ইসলাম ডেস্ক: অবৈধ পথে ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে ২২ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষাপটে এই বিপজ্জনক প্রবণতা ও উচ্চাভিলাষের কঠোর সমালোচনা করেছেন সুপরিচিত আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই প্রবণতাকে ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং প্রকারান্তরে ‘আত্মহত্যা’র শামিল বলে অভিহিত করেছেন। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, মহান আল্লাহ তায়ালা নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে নিষেধ করেছেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, "ইউরোপের অলীক স্বপ্নে বিভোর হয়ে যারা জীবন হাতে নিয়ে এমন দুঃসাহসী অভিযানে পা বাড়ায়, তারা কেউই সম্ভবত নিঃস্ব নয়। দালালের হাতে যে মোটা অঙ্কের টাকা গুঁজে দিয়ে তারা উত্তাল সাগরে জীবন ভাসায়, সেই টাকা দিয়ে অনায়াসেই দেশে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। কিন্তু আমরা ছোট পেশায় সন্তুষ্ট নই। আমাদের স্বপ্ন সাধ্যের চেয়ে অনেক বড় এবং উচ্চাভিলাষী।" তিনি আক্ষেপ করে বলেন, এমন স্বপ্ন কেন দেখতে হবে যা ছুঁতে গেলে হায়াতের সীমানা পাড়ি দিতে হয় এবং নিজের লাশটাও দেশের মাটিতে ফেরার সুযোগ পায় না।

ভোগবাদী সভ্যতা আমাদের এক অবাস্তব উচ্চাকাঙ্ক্ষার দিকে তাড়া করে ফিরছে মন্তব্য করে তিনি আরও বলেন, মুমিন কখনো নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিতে পারে না। মুমিনের স্বপ্ন থাকবে, কিন্তু সে এমন অন্ধ উচ্চাভিলাষী হবে না যা জীবনকে বিপন্ন করে। বারবার এমন লোমহর্ষক ঘটনা ঘটলেও মানুষ সতর্ক হচ্ছে না বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

যারা এখনো এই বিপদসংকুল পথে পা বাড়ানোর চিন্তা করছেন, তাদের প্রতি ফিরে আসার আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, "অবৈধ পথে ইউরোপের কথিত রঙিন জীবনের চেয়ে দেশের মাটিতে বাবা-মায়ের স্নেহছায়ায় ঘাম ঝরানো ডাল-ভাত অনেক বেশি তৃপ্তিদায়ক ও মর্যাদাপূর্ণ।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন