ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রিপন হালদার, স্টাফ রিপোর্টার: মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের কারখানায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে অবৈধভাবে মজুত করা ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
রোববার (২৯ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ (রোববার) রাত ১টার দিকে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযান চলাকালীন ওই প্রতিষ্ঠানের ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ করা হয়। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, নথির বাইরে অতিরিক্ত ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত করা হয়েছে। জব্দকৃত এই তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ ১০ হাজার ৮৫০ টাকা।
অবৈধভাবে মজুত করা এই তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশের অভ্যন্তরীণ তেলের বাজারকে স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কঠোর তদারকি ও অভিযান অব্যাহত রাখবে।”
সাম্প্রতিক সময়ে মোংলা ও আশপাশের এলাকায় জ্বালানি তেলের সংকট ও সরবরাহ নিয়ে অভিযোগের মধ্যেই এই বড় ধরনের মজুত উদ্ধারের ঘটনা ঘটল।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ