শুধু নন-এসি নয়, এবার এসি বাসের ভাড়াও নির্ধারণ করে দিচ্ছে সরকার

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর ঘোষণা সেতুমন্ত্রীর

শুধু নন-এসি নয়, এবার এসি বাসের ভাড়াও নির্ধারণ করে দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবার এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাসের ভাড়াও নির্ধারণ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। রবিবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, শুধু নন-এসি নয়, এখন থেকে এসি বাসের ভাড়াও সরকারিভাবে সুনির্দিষ্ট করে দেওয়া হবে।

সভার সিদ্ধান্তগুলো তুলে ধরে মন্ত্রী জানান, এবারের ঈদযাত্রা কয়েকটি বিচ্ছিন্ন দুর্ঘটনা ছাড়া মোটের ওপর স্বস্তিদায়ক হয়েছে এবং যেখানেই অতিরিক্ত ভাড়ার অভিযোগ পাওয়া গেছে, সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ঈদেও যাতে মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য সরকার এখন থেকেই কাজ শুরু করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহাসড়কের যত্রতত্র কোনো বাসের কাউন্টার রাখা যাবে না। এছাড়া ফেরিতে গাড়ি ওঠানোর আগে শতভাগ যাত্রী নামিয়ে নিতে হবে। শৃঙ্খলা বজায় রাখতে সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম বাধ্যতামূলক করা হচ্ছে, যার মাধ্যমে রুট পরিবর্তন, অতিরিক্ত গতিসহ সব ধরনের অনিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, সরকারি হিসাব অনুযায়ী এবারের ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ৮ জন, রেলপথে ১৭ জন এবং বাকিদের মৃত্যু হয়েছে অন্যান্য দুর্ঘটনায়। গত বছরের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে উল্লেখ করে তিনি বলেন, গত বছর এই সময়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছিল। সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার এবং আইনের কঠোর প্রয়োগের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন