ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শ্রমিকবাহী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জামিনা বেগম (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ভটভটিতে থাকা আরও অন্তত ৭ জন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার কুনৌজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিনা বেগম উপজেলার হরিশপুর মৎস্যজীবী পাড়া গ্রামের কমলা মন্ডলের স্ত্রী। আহতরাও একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একদল গৃহনির্মাণ শ্রমিক একটি ভটভটিতে করে হরিশপুর থেকে রাণীনগরের দিকে যাচ্ছিলেন। পথে কুনৌজ বাজারের অদূরে পৌঁছালে ভটভটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায় এবং একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত ৮ জনকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাণীনগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজ হোসেন জানান, আহতদের মধ্যে জামিনা বেগমসহ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে নওগাঁ নিয়ে যাওয়ার পথেই জামিনা বেগমের মৃত্যু হয়। বর্তমানে আহত পলাশ ও সজল রাণীনগর হাসপাতালে এবং বাকি ৫ জন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ