শ্রীমঙ্গলে কিশোর হত্যার ৫ আসামি গ্রেফতার

শ্রীমঙ্গলে কিশোর হত্যার ৫ আসামি গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোর মোঃ জুনায়েদ মিয়া (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— প্রধান আসামি মোঃ আলামিন (২২), মোঃ মারুফ মিয়া (২৪), মোঃ জুয়েল মিয়া (২৭), মোঃ মতিন মিয়া (৩১) এবং মোঃ কাউছার মিয়া (১৯)।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রাম থেকে মারুফ, জুয়েল ও কাউছারকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কমলগঞ্জের পতনউষা থেকে মতিন এবং সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে প্রধান আসামি আলামিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মারুফের স্বীকারোক্তির ভিত্তিতে নিহতের ব্যবহৃত সিম কার্ডটিও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭শে মার্চ সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার বাদেআলিশা এলাকার একটি নির্জন স্থানে কিশোর জুনায়েদকে মাছ ধরার জাল (নেট) দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত জুনায়েদ ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার পুত্র।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সজীব চৌধুরী জানান, এখন পর্যন্ত নির্দিষ্ট কারণ জানা যায়নি। আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার মূল রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন