নড়াইলে ট্রেনের ধাক্কায় মা-সন্তান নিহত

নড়াইলে ট্রেনের ধাক্কায় মা-সন্তান নিহত

শুভ সরকার, নড়াইল: নড়াইলে ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৭) নামে এক নারী ও তাঁর কোলে থাকা দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পলি বেগম নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রামের নুর ইসলাম ভূঁইয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে পলি বেগম তাঁর সন্তানকে নিয়ে চিত্রা রেল সেতুর আশপাশে ঘোরাঘুরি করছিলেন। এ সময় তিনি স্থানীয়দের কাছে ট্রেন আসার সময় জানতে চান। স্থানীয়রা এবং গ্রাম পুলিশ মনিরুল ইসলাম তাঁকে সেখান থেকে সরে আসার অনুরোধ করলেও তিনি শোনেননি। দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী 'রূপসী বাংলা এক্সপ্রেস' ট্রেনটি সেতু অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন।

এ সময় মায়ের কোল থেকে শিশুটি ছিটকে পাশে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা জামাল হোসেন শিশুটিকে জীবিত ভেবে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গ্রাম পুলিশ মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেও তিনি ওই নারীকে শিশুসহ রেললাইনের ওপর পূর্বদিকে মুখ করে বসে থাকতে দেখেছিলেন।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু এটি রেলওয়ের সীমানায় ঘটেছে, তাই বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন