ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হেলাল মুন্সী, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহর পরিবারের একাংশের প্রকাশ্য রাজনৈতিক অবস্থান পরিবর্তন। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে তাঁর ভাইসহ পরিবারের একাধিক সদস্য বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা শুরু করেছেন।
প্রয়াত শেখ মো. আব্দুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতির অন্যতম নীতিনির্ধারক ছিলেন এবং গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অথচ গতকাল তাঁর নিজ বাড়িতেই বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে একটি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি শেখ মো. আব্দুল্লাহর পরিবারের সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেন। বক্তারা সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে একাত্মতা ঘোষণা করেন।
উল্লেখ্য, শেখ মো. আব্দুল্লাহর ভাই শেখ মো. আবু দাউদ নিজে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। দীর্ঘ কয়েক দশক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ তাঁর এই ভোলবদল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এর আগে আব্দুল্লাহর আপন ভাগ্নে ও নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ শিকদারও আওয়ামী লীগ ত্যাগ করেন। দলত্যাগের পর নৌকা প্রতীকের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে এমন পারিবারিক ভাঙন ক্ষমতাসীন শিবিরের জন্য অত্যন্ত অস্বস্তিকর। অন্যদিকে, জাতীয় নির্বাচনের মুখে আওয়ামী লীগের প্রভাবশালী পরিবারের সদস্যদের এই অবস্থান পরিবর্তনকে বড় রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে বিএনপি। এ নিয়ে সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে এখন কৌতূহল তুঙ্গে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ