নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ বাড়িতে স্ত্রী ও ২৭ মাসের শিশু সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতক স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাদের ২৭ মাস বয়সী কন্যাসন্তান জিনি সরকার।

স্থানীয় বাসিন্দারা জানান, জয় সরকার দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদকাসক্তি ও বেপরোয়া আচরণের কারণে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। কলহের জেরে ইতিপূর্বে স্ত্রী বৃষ্টি সরকার কয়েকবার বাবার বাড়িতে চলে গেলেও পরবর্তীতে ফিরে আসেন। বৃহস্পতিবার রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে তিনি নিজেও নিজের শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টির মৃত্যু হয়। চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে জয় ও শিশু জিনিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে জয় ও তার সন্তানেরও মৃত্যু হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী ও সন্তানকে হাসপাতালে পাঠানো হলেও তারা ভোরে মারা যান। জয় সরকার মাদকাসক্ত ছিলেন এবং প্রতিবেশীদের সঙ্গেও প্রায়ই বেপরোয়া আচরণ করতেন।"

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্তি ও পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন