আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। (ফাইল ছবি)

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে বিশ্বজুড়ে চরম উত্তেজনার মাঝে বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। 

তিনি জানিয়েছেন, ইরান মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে বিন্দুমাত্র ভীত বা চিন্তিত নয়; বরং তারা আমেরিকান সৈন্যদের জন্য ‘অপেক্ষা’ করছেন।

শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, "আমরা চিন্তিত নই, বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা নিশ্চিত যে তাদের মোকাবিলা করতে পারব এবং এটি তাদের (যুক্তরাষ্ট্রের) জন্য একটি বড় বিপর্যয় হয়ে দাঁড়াবে।"

তিনি স্পষ্ট জানান, ওয়াশিংটনকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা তেহরানের নেই। এমনকি ২০২৫ সালের জুনে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের সময়ও ইরান কোনো নতি স্বীকার করেনি।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে চলা ২১ দিনের সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। আরাঘচির মতে, সংলাপ চলাকালেই তারা যুদ্ধের আঁচ করতে পেরেছিলেন।

পরমাণু সংলাপ ব্যর্থ হওয়ার ঠিক পরের দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে। আজ যুদ্ধের ষষ্ঠ দিনে নিহতের সংখ্যা প্রায় ১ হাজারে পৌঁছেছে এবং আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ।

আরাঘচি দাবি করেন, গত বছরের সংঘাতের সময়ও ইরান নয়, বরং ইসরায়েলই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। চলমান পরিস্থিতিতেও ইরান তার অবস্থানে অনড় থাকার বার্তা দিল।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন