গ্যাস সংকটে বন্ধ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানা

গ্যাস সংকটে বন্ধ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নরসিংদীর পলাশে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানা। (ছবি: সংগৃহীত)

নরসিংদী সংবাদদাতা: দেশে চলমান তীব্র গ্যাস সংকটের কারণে নরসিংদীর পলাশে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব ‘ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি’ কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) বিকেল থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।

শুক্রবার (৬ মার্চ) সকালে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এক নজরে বর্তমান পরিস্থিতি

  • উৎপাদন ক্ষমতা: দৈনিক ২ হাজার ৮৪০ মেট্রিক টন।

  • উৎপাদন ব্যাহত: প্রতিদিন প্রায় ২,৮৪০ মেট্রিক টন সার।

  • বর্তমান মজুত: কারখানার গুদামে বর্তমানে প্রায় ৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে।

  • গ্যাসের প্রয়োজনীয়তা: নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১–৭২ পিএসআই (PSI) গ্যাস প্রয়োজন। তবে ৫২–৫৩ পিএসআই থাকলেও উৎপাদন সচল রাখা সম্ভব।

কারখানা কর্তৃপক্ষ জানায়, এই সার কারখানার উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর। প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদন সচল রাখা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া গেলে আবারও উৎপাদন শুরু করা হবে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


এন.এ/সকালবেলা

মন্তব্য করুন