ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান

ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের দিকে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজে এই অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে ব্রিজের সিঁড়ি ও চলাচলের পথ দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটওভার ব্রিজের ওপর রাখা বিভিন্ন দোকানের মালামাল অপসারণ করা হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, এসব অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচলে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। অনেক ক্ষেত্রে পথচারীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন।

অভিযানের সময় উপস্থিত পথচারীরা হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, ফুটওভার ব্রিজ পরিষ্কার থাকলে এবং হকারমুক্ত পরিবেশ বজায় থাকলে সড়ক পারাপার অনেক সহজ ও নিরাপদ হবে।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, “মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। কেউ যেন পুনরায় এসব স্থানে অবৈধভাবে দোকান বসাতে না পারে, সে জন্য আমাদের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন