কবি মাহামুদুল হাসান নিজামী আর নেই

কবি মাহামুদুল হাসান নিজামী আর নেই

প্রয়াত কবি ও সাংবাদিক মাহামুদুল হাসান নিজামী। (ফাইল ছবি)

রাঙামাটির কাউখালী উপজেলার কৃতী সন্তান, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক-সাংবাদিক মাহামুদুল হাসান নিজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রংপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছোট ভাই ও কাউখালী প্রেসক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি একাধারে কবি, সাংবাদিক, গীতিকার, সুরকার এবং প্রাজ্ঞ অনুবাদক ছিলেন। জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় সাংবাদিক মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি দৈনিক ডেসটিনি ও দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক ছিলেন।

আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজি ভাষায় তার অগাধ পাণ্ডিত্য ছিল। বিশ্বসাহিত্যের ধ্রুপদী কবি শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতার প্রথম বাংলা কাব্যানুবাদ করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।

তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪০টি। তিনি ৫ হাজারেরও বেশি কবিতা ও গান রচনা করেছেন।

এই গুণী ব্যক্তির প্রয়াণে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসাইনসহ সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপের সন্তান হলেও স্থায়ীভাবে রাঙামাটির কাউখালীতে বসবাস করতেন। তিনি প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল্লাহর বড় ছেলে এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মনসুরুল হক জিহাদীর বড় ভাই।

আরিফুল হক মাহবুব জানান, ঢাকা থেকে রংপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন