অপহরণের শিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লাখ টাকা ছিনতাই

অপহরণের শিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লাখ টাকা ছিনতাই

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষকের নাম আবদুর রাজ্জাক সোহেল। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক। এই ঘটনায় তিনি বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী শিক্ষক জানান, বুধবার দুপুরে তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার তার সামনে এসে দাঁড়ায় এবং চালক তাকে জিজ্ঞেস করেন তিনি 'উবারে' কল দিয়েছেন কি না। তিনি 'না' বলার সাথে সাথেই গাড়ির ভেতর থেকে তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে ভেতরে তুলে নেওয়া হয় এবং মুখ চেপে ধরা হয়।
গাড়িটি ময়নামতি ক্যান্টনমেন্টের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় অপহরণকারীরা দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে হত্যার হুমকি দেয়। দুর্বৃত্তরা তার কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন, মানিব্যাগের ১৫ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর তাকে শারীরিকভাবে নির্যাতন করে এটিএম কার্ডের পিন নম্বর আদায় করে নেয় তারা। পরে দাউদকান্দির হাবিব মার্কেটের একটি এটিএম বুথ থেকে তার অ্যাকাউন্ট থেকে আরও ৮০ হাজার টাকা উত্তোলন করে নেয় চক্রটি।
প্রায় তিন থেকে চার ঘণ্টা আটকে রাখার পর দাউদকান্দির একটি জনমানবহীন এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়। নামিয়ে দেওয়ার সময় তাকে 'পেছনের দিকে না তাকানোর' শর্ত দেওয়া হয় এবং দুর্বৃত্তরা দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।
প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল বলেন, “সারাদেশেই এখন মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রকাশ্য দিবালোকে এমন অপরাধ বেড়েই চলেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি, যাতে আর কোনো সাধারণ মানুষকে এমন বিভীষিকার শিকার হতে না হয়।”
কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এন.এ/সকালবেলা

মন্তব্য করুন