ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ কেজি গাঁজা ও ২৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উজান ভাটি হোটেল এলাকা এবং আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের উজান ভাটি হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কসবা উপজেলার দজনগর গ্রামের মো. সম্রাট মিয়া (সজিব) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাপ্পি মিয়া।
অন্য এক অভিযানে সকাল ৬টা ৫৫ মিনিটের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। তল্লাশিকালে আরোহীদের কাছ থেকে ২৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার মো. রিপন ও মো. রাকিবুল হক ওরফে শুভ।
আশুগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত মাদকদ্রব্য, প্রাইভেটকার ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ