ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী-৩ (শিবপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। একসময়ের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি। দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী (ধানের শীষ)-র বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা।
স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মৃধার ক্রমবর্ধমান জনপ্রিয়তা শিবপুরের নির্বাচনী লড়াইকে দ্বিমুখী, এমনকি কোনো কোনো ক্ষেত্রে বহুমুখী রূপ দিতে পারে। দীর্ঘদিন ধরে শিবপুরের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তরুণ ভোটার ও তৃণমূলের একটি বড় অংশের সমর্থন তার পক্ষে রয়েছে।
শিবপুর আসনটি ঐতিহাসিকভাবে বিএনপির শক্তিশালী অবস্থান থাকলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। স্থানীয় ভোটারদের মতে, স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধার ‘ক্লিন ইমেজ’ এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতা তাকে অনেক প্রার্থীর চেয়ে এগিয়ে রেখেছে।
শিবপুর বাজারের এক ব্যবসায়ী বলেন, "আমরা এবার শুধু দল দেখে নয়, বরং যাকে নিয়মিত এলাকায় পাই তাকেই ভোট দেব। আরিফুল ইসলাম মৃধা শিবপুরের মাটিতে নিয়মিত থাকেন, যা সাধারণ মানুষের জন্য বড় নির্ভরতার জায়গা।"
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী জানান, দল মনজুর এলাহীকে মনোনয়ন দিয়েছে এবং তারা ধানের শীষের পক্ষেই আছেন। তবে স্বতন্ত্র প্রার্থী মৃধা যে মাঠের লড়াইয়ে বেশ শক্তিশালী অবস্থানে আছেন—তা অস্বীকার করার উপায় নেই।
নরসিংদী-৩ আসনে শেষ পর্যন্ত লড়াইটা দলীয় প্রতীকের হবে নাকি ব্যক্তির জনপ্রিয়তার, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আরিফুল ইসলাম মৃধা বড় কোনো চমক দেখান কি না, এখন সেটিই দেখার বিষয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ