ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের পরপরই সিটি কর্পোরেশন, ব্যবসায়ী ও হকারদের সঙ্গে সমন্বিত বৈঠকের মাধ্যমে পরিকল্পিতভাবে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নিউমার্কেট এলাকায় ডিএসসিসি’র নিজস্ব অর্থায়নে নির্মিত একটি আধুনিক ফুটওভার ব্রিজের উদ্বোধনকালে এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “নিউমার্কেট এলাকাটি ৩১টি মার্কেট পরিবেষ্টিত অত্যন্ত জনাকীর্ণ একটি অঞ্চল। নবনির্মিত এই ফুটওভার ব্রিজটি চালুর ফলে পথচারীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।” তবে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থে নির্মিত এই ব্রিজে কোনো অবস্থাতেই অবৈধ হকার বা দোকান বসতে দেওয়া হবে না। ফুটপাত ও সড়কে চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনকল্যাণ ও নাগরিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে ডিএসসিসি তাদের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। তিনি নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের উদ্দেশে পবিত্র রমজান মাসে ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মার্কেট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ডিএসসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ