বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত, আটক ২

বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত, আটক ২
ওয়াফিক ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে সাইফুল ইসলাম (৪৫) নামের এক জামায়াত নেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ ২০২৬) সকালে শহরের মাহবুবনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তারেক (৩০) নামের আরও একজন আহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলাম বগুড়া শহরের খান্দার এলাকার বাসিন্দা এবং জামায়াতে ইসলামীর শহর শাখার ওলামা বিভাগের একজন রুকন ও দায়িত্বশীল নেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল ও তারেকের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সাইফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন, তবে পথেই তাঁর মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন—শহরের খান্দার ভিআইপি রোড এলাকার মেহেদী হাসান টিটু ও মোস্তাকিন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন