ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নিয়ে প্রতারণা: সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নিয়ে প্রতারণা: সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বর্তমান সরকার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের যে উদ্যোগ নিয়েছে, তাকে পুঁজি করে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে শুরু করেছে। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানী পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের কাছে অর্থ দাবি করা হচ্ছে। রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রটি সম্মানী পাইয়ে দেওয়ার নাম করে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে অর্থ লেনদেন অথবা ক্রেডিট কার্ডের নম্বর নেওয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করেছে যে, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই সম্মানী প্রদানের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে একটি কমিটি এই সম্মানী কার্যকরের কর্মপরিকল্পনা তৈরির কাজ করছে এবং ইসলামিক ফাউন্ডেশন কেবল সারাদেশের মসজিদের সংখ্যা ও কর্মরত ইমাম-মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের কাজ করছে।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, এই তথ্য সংগ্রহের কাজ শুধুমাত্র একটি ডাটাবেজ তৈরির প্রক্রিয়া এবং এটি এখনো ভাতা বা সম্মানী প্রদানের চূড়ান্ত নিশ্চয়তা নয়। তাই কোনো প্রতারক চক্রের ফাঁদে না পড়তে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য দেশের সকল খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন