ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। রোববার (১ মার্চ ২০২৬) নগরীর জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাতকানিয়া ও লোহাগাড়া আসনের এই সংসদ সদস্য বলেন, "অনেক ঘাত-প্রতিঘাত ও জুলাই আন্দোলনের রক্তের ওপর ভিত্তি করে নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। এই সরকারকে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা বিরোধী দল থেকে সর্বাত্মক সহযোগিতা করব।" তিনি আরও উল্লেখ করেন যে, চট্টগ্রামকে 'দ্বিতীয় সিঙ্গাপুর' হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের ১৬ জন সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদ যৌথভাবে মুসলিম বিশ্বের ওপর যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে।" ফিলিস্তিন ও ইরানে ধারাবাহিক হামলা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর ওপর চলমান নির্মমতার বিরুদ্ধে চট্টগ্রাম থেকে জোরালো প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ