অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি

‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (২ মার্চ) সারাদেশে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬’ পালিত হওয়ার কথা থাকলেও এর সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে দিবসটি নির্ধারিত দিনে ক্যালেন্ডার অনুযায়ী পালিত হলেও কোনো আনুষ্ঠানিকতা বা কর্মসূচি অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে সুবিধাজনক সময়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে কমিশন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ জাতীয় ভোটার দিবসের কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। তবে দিবসটি আজই। কমিশনের নির্দেশনা অনুযায়ী সব কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া দেশে বর্তমানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন