ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের সিংহভাগ জায়গা অবৈধ দখলদারদের কবলে থাকায় কেনাবেচার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। মহামান্য হাইকোর্ট ও ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও জেলা প্রশাসন কার্যকর উচ্ছেদ অভিযান না চালানোয় ইজারাদার, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
চৌহালী ও শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত ৩১.৩৮ একর আয়তনের এই হাটে সপ্তাহে চারদিন কেনাবেচা চলে। অভিযোগ রয়েছে, বিগত ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত প্রভাবশালীরা হাটের প্রায় ২১.৩৮ একর জায়গা দখল করে অবৈধ দোকানপাট, ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। ১২৯৯ দাগের গরুর হাটের বিশাল এলাকা এখনো দখলমুক্ত হয়নি। বর্তমানে হাটে অবৈধ স্থাপনার সংখ্যা প্রায় ৩৭৫টি।
হাটের ইজারাদার আনিছুর রহমান জানান, অবৈধ দখল উচ্ছেদে বারবার আবেদন করেও সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রীট পিটিশন (নং ১৩২৫/২০২৬) দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে আদালত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের বিরুদ্ধে রুল জারি করেন। গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চৌহালী উপজেলা প্রশাসন শুধুমাত্র আওয়ামী লীগের কার্যালয়টি উচ্ছেদ করলেও বাকি ৩৬০টিরও বেশি অবৈধ স্থাপনা এখনো বহাল তবিয়তে রয়েছে।
হাটের তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড জানিয়েছে, কাপড়ের হাটের সুপার মার্কেট থেকে গরুর হাট স্থানান্তর না করায় এবং যত্রতত্র অবৈধ দোকানপাট থাকায় ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগে পড়ছেন। এতে হাটের সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে এবং ইজারাদার অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভূমি মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে উচ্ছেদের আদেশ দিলেও তা বাস্তবায়নে জেলা প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ হাট এলাকা দখলমুক্ত করে কেনাবেচার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ