ইরানে টানা তৃতীয় দিনের হামলা: তেহরানে মুহুর্মুহু বিস্ফোরণ

ইরানে টানা তৃতীয় দিনের হামলা: তেহরানে মুহুর্মুহু বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে সোমবার (২ মার্চ ২০২৬) সকালেও একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং ইরানের নূর নিউজের তথ্য অনুযায়ী, তেহরানের পূর্ব ও পশ্চিমের বিভিন্ন এলাকা থেকে একটানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা তেহরানের প্রাণকেন্দ্রে ইরানি শাসকগোষ্ঠীর নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে হামলা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় সাফ জানিয়ে দিয়েছেন যে, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে এই অভিযান থামবে না। তিনি বলেন, “আমাদের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ অভিযান অব্যাহত থাকবে।” ট্রাম্প আরও দাবি করেছেন যে, ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশই এই অভিযানে নির্মূল হয়ে গেছে। তবে এর বিনিময়ে তিন মার্কিন সেনা নিহত হওয়ার কথাও স্বীকার করেছে পেন্টাগন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘ এই দীর্ঘস্থায়ী যুদ্ধের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে, এই সংঘাত চললে মধ্যপ্রাচ্য এক দীর্ঘমেয়াদি ও নজিরবিহীন ভোগান্তির মুখে পড়বে। ইতোমধ্যে তেহরান ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার।

 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইরান ও লেবাননের হিজবুল্লাহ সম্মিলিতভাবে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল ও আরব অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ফলে পুরো অঞ্চল এখন এক ভয়াবহ ও নিয়ন্ত্রণের বাইরে থাকা যুদ্ধের কিনারে অবস্থান করছে।

মন্তব্য করুন