সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : শফিকুর রহমান

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ
সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার কেন্দ্রীয় ব্যাংকসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে অনুগত ব্যক্তিদের বসিয়ে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ইতোমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যোগ্য ভিসিদের সরিয়ে দলের একান্ত অনুগতদের বসানো হচ্ছে।” তিনি অভিযোগ করেন, গত নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটেনি এবং সরকার জনরায়কে সম্মান করছে না।

২০২৪ সালের আন্দোলনের ফসল হিসেবে ২৬ সালের নির্বাচন ও বর্তমান পরিস্থিতির অবতারণা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ সংস্কারের পক্ষে গণভোটের মাধ্যমে রায় দিয়েছে। সরকার ও তাদের প্রতিনিধিরা এখন সেই জনরায়কে অস্বীকার করে জনগণের সাথে প্রতারণা করছেন। তিনি সরকারকে জোর করে শাসন ব্যবস্থা না চালিয়ে জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।

কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী বিজয়ী হয়ে দায়িত্ব নেবে। আমরা নারায়ণগঞ্জের মানুষের কাছে একজন সৎ, দক্ষ ও যোগ্য নেতা উপহার দিচ্ছি।” তিনি সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

নারায়ণগঞ্জের অতীত গৌরব পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা এই নারায়ণগঞ্জকে অশান্তি ও চাঁদাবাজদের হাত থেকে মুক্ত করে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এমপি সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও এমপি নুরুল ইসলাম বুলবুল এবং ছাত্র শিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় নেতাকর্মীরা।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন