জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
জাতীয় প্রেস ক্লাবে দেশি ফলের প্রদর্শনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: দেশি ফলের ঐতিহ্য তুলে ধরতে ও আনন্দঘন পরিবেশ তৈরিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী। আজ শুক্রবার সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে প্রদর্শনীর সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হাসান হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

প্রদর্শনীতে স্থান পায় বাংলাদেশের হরেক রকমের মৌসুমি ফল। এর মধ্যে ছিল আম্রপালি, ফজলি, হাঁড়িভাঙ্গা, লিচু, কাঁঠাল, আনারস, জামরুল, লটকন, ডেউয়া, করমচা, জাম, সফেদা, কামরাঙা, আমলকী, আমড়া, তালের শাঁসসহ ৪২টি ভিন্ন ধরনের ফল। দেশি ফলের এই সম্ভার দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন।

ফল প্রদর্শনীর পাশাপাশি চলে মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান। গানে গানে আসর মাতান শিল্পী তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ফল উৎসব ও সংগীত উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন